যশোরে দাহ্য পদার্থ নিক্ষেপ, শিশু নারীসহ আহত ৩

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে একই পরিবারের শিশু ও নারীসহ তিনজনের শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন গদখালী গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা খাতুন (৫০), মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর (৮)।

আহতদের পরিবার অ্যাসিড নিক্ষেপের কথা বললেও হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন বলেন, রাসায়নিক দাহ্য কোনো দ্রব্য নিক্ষেপ করা হয়েছে বলে তাদের ধারণা। আহত রাহেলা খাতুন জানান, রাত ৮টার দিকে তিনি ছেলে-মেয়ে নিয়ে ঘরের  ভেতরে বসে ছিলেন। এ সময় বেনাপোলের খড়িডা গ্রামের জসিমসহ ২/৩ জন এসে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। রিপার অন্যত্র বিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে জসিম লোকজন নিয়ে এ কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন। ওসি নুর মোহাম্মদ গাজী জানান, অভিযুক্ত ব্যক্তিকে খোঁজা হচ্ছে।