কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি গ্রামে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় নিহত জোনাকি আক্তারের স্বামী মনির হোসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) মর্গ থেকে পুলিশ প্রহরায় তিনটি মরদেহ গ্রহণ করেন। রাত সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তায় পশ্চিম পাড়া কবরস্থানে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
এর আগে গ্রেপ্তার আতঙ্কে এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়ায় নিহতদের কবর খুঁড়তে পুলিশকে বিড়ম্বনায় পড়তে হয়। গ্রাম পুলিশ ও অন্য এলাকা থেকে লোক এনে কবর খুঁড়া থেকে শুরু করে সকল কাজ সম্পন্ন করতে হয়েছে। এর পর মরদেহ রাতে পুলিশের তত্ত্বাবধানে জানাজা শেষে দাফন করা হয়। এ সময় থানা পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় এ মামলা করেন। এ ঘটনায় রাতেই দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।