কমলগঞ্জে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) বিভিন্ন অংশে কেটে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুর চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পারভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩), রহমত মিয়া (২২) এবং মুহিত মিয়া (৪২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই টমটম বিক্রির মোট ১৩ হাজার টাকা, ১৫টি কাটা অংশ, ৪টি ব্যাটারি, একটি চাকা, সামনের গ্লাস, কন্ট্রোলার ও মোটরসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই বিকেলে বনগাঁও গ্রামের বাসিন্দা হাসিদ আলী তার অটোরিকশাটি আদমপুর ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে রেখে বাবার কাঁচামালের দোকানে শাকসবজি বিক্রি করছিলেন। রাতে ফিরে এসে অটোরিকশা না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তা পাননি। পরদিন সন্দেহভাজন তিনজনকে স্থানীয়রা আটক করলে তারা চুরির বিষয় স্বীকার করলে পুলিশকে অবগত করেন।

রবিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রেস রিলিজে জানানো হয়, কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকা থেকে চোরাই অটোরিকশার অংশসহ চক্রের মূল হোতা মুহিত মিয়াকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেপ্তার আসামিদের থানায় আনা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।