গজারিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক ও জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত ও নারীসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত বাস হেলপারের নাম আজগর আলী। তিনি লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। 

সোমবার (৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, দুপুরে মালবাহী ট্রাকটি আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের যাত্রীবাহী বাসটি সংঘর্ষ এড়াতে গাড়ি বামে চাপানোর চেষ্টা করলে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়ে কয়েকজন। এ ঘটনায় বাসের হেলপার আজগর আলী ঘটনাস্থলেই মারা যায়। 

ফায়ার সার্ভিস কর্মীরা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে তাৎক্ষণিক যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন হাসান (২৬), শাহ জালাল (৬০), আহসান উল্লাহ (৫৫), জাহিদ (৩১), শায়মন (১৪), শাহীন (৩৫), সোহাগ (৩০), সগিরুল (৫০),আবু সাইদ (৫৫), লিমন (২৪) ও হালিমা (৫২)।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বলেন, এ ঘটনায় আহত ৮ জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজন শায়মন, সোহাগ ও হাসানের অবস্থা আশঙ্কাজনক। তাদের তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়েছি। বাকিদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তাৎক্ষণিক দীর্ঘ যানজট সৃষ্টি হলেও এই মূহূর্তে যান চলাচল ধীরগতিতে চলছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, নিহতের লাশ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।