মুন্সিগঞ্জের গজারিয়ার ভাটের চর এলাকার ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া প্রথম শ্রেণীর শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিকী রাফির (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শনিবার (১৭ অক্টোবর) বেলা ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নামে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফি নিখোঁজ হয়।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানের প্রস্তুতিকালে ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মো. আবু বক্কর সিদ্দিকী রাফির বাবার নাম খায়রুল ইসলাম। সে গজারিয়ায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো। তাদের স্থায়ী নিবাস নড়াইল জেলায় কালিয়া থানার নড়াগাতী গ্রামে।