নেত্রকোনার কেন্দুয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চার্জারের বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রতন মিয়া (৫৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া স্থানীয় মৃত মোতালেব হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রতন মিয়া ব্যাটারি চালিত অটোরিকশা চার্জারের বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’