নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে পাঁচ মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে ৩১ বিজিবির অধীনস্থ চারুয়াপাড়া ও বিজয়পুর বিওপি পুলিশ এবং আনসার সদস্যদের নিয়ে এসব অভিযান পরিচালনা করে।
এর মধ্যে সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহের ধোবাউড়া থানার গাছুয়াপাড়া এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চারটি যৌথ অভিযান চালানো হয়। এ সময় ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— ময়মনসিংহের ধোবাউড়া থানার গোবরচুনা গ্রামের মো. রুবেল হোসেন (পিতা মৃত নুরুল ইসলাম, যার বিরুদ্ধে আগে থেকে ৩টি মামলা রয়েছে), একই গ্রামের এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) এবং মো. আজহারুল ইসলাম (২৭ পিতা মৃত আব্দুল করিম)।
অন্যদিকে বিজয়পুর বিওপির উদ্যোগে সীমান্ত পিলার ১১৪৯/এমপি থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনার দুর্গাপুরের জগতকুড়া এলাকায় আরেকটি যৌথ অভিযান চালিয়ে মো. হারুন মিয়া (৪২) নামের এক মানব পাচারকারীকে আটক করা হয়। তার বিরুদ্ধেও আগে থেকে ৩টি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটককৃত পাঁচজনই চোরাচালানের সঙ্গেও জড়িত। চারুয়াপাড়া বিওপির হাতে আটক চারজনকে ধোবাউড়া থানায় এবং বিজয়পুর বিওপির হাতে আটক একজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে। সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।