কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে অটোরিকশার নিচে চাপা পড়ে খোকন হাসান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত খোকন হাসান তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে আব্দুল করিমের ছেলে। সে তিলাই ইউনিয়নের দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদরাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, দুপুরে বিরতির সময় হাসান মাদরাসা থেকে বের হয়ে চকলেট ও খেলনা কিনতে দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডিএমএফ বিদ্যুৎ ইসলাম বলেন, খোকন নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার মাথার পেছন দিকে ক্ষত ছিল।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিশুটির পরিবার থানায় অভিযোগ করেছেন। পরে দাফনের জন্য লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা চালক পলাতক রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।