গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে ও ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি মিনারুল ইসলাম ওয়াসিম(২৮) ও টাঙ্গাব ইউনিয়নের বটতলা বাজারের মুদি ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫)। গুরুতর আহতরা হলেন, দুগাছিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাজমুল (৩০) ও দিঘীরপাড় গ্রামের আবু সাইদের ছেলে জিহাদ (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাব বটতলা বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে পাঁচবাগ চৌকা বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মিনারুল ইসলাম ওয়াসিম মারা যান। একই ঘটনায় আহত অপর দুইজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।