পার্বতীপুর

দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাকে মারা গেলেন মা  

দিনাজপুরের পার্বতীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা মা আজাদি বেগম (৬৫) মারা গেছেন। রবিবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিচার্স সেন্টারে তিনি মারা যান।

এর আগে ৫ জুলাই ছেলে জুয়েল ইসলাম (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাড়ামপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ২৪ জুন সন্ধ্যায় উপজেলার মিশন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাথায়, হাতে ও পায়ে প্রচণ্ড আঘাত পান জুয়েল ইসলাম। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৫ জুন রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন (নিটোর) ভর্তি করা হয়।

সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল নেওয়া হয়। ২৫ জুন ভর্তি করা হয় ধানমন্ডি পপুলার হাসপাতালে। অবস্থার আরও অবনতি হলে গত ৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুলাই জুয়েল ইসলাম মারা যান।

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মা আজাদি বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওই অবস্থায় তাকে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিচার্স সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আজাদি বেগম মারা যান।

পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। পাওয়ার টিলার আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।