সেপ্টেম্বরে নেপালে দুই ম্যাচ হামজাদের

বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছিল আসছে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপের কোনো দলের বিপক্ষে হামজা চৌধুরীদের জন্য ম্যাচ আয়োজনের। ইউরোপের বেশ কিছু দেশের সঙ্গে যোগাযোগও করেছিল তারা। তবে এ যাত্রায় ইউরোপে গিয়ে অথবা ইউরোপের কোনো দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের প্রস্তুতিতে বাংলাদেশ যাবে নেপাল সফরে। ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন হামজা-শামিত সোমরা। বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নেপাল সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।  নেপাল ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, নেপালে স্থানীয় আবাসনসহ বাদ বাকি ব্যয় তারাই বহন করবে। বিপরীতে বাফুফে ১১ জুলাই থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-২০ ওমেন্স চ্যাম্পিয়নশিপে খেলতে আসা নেপাল দলের সব খরচ বহন করবে। নেপাল দলের আজই ঢাকায় আসার কথা রয়েছে।

বাফুফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় নেপালের মাটিতে হামজা চৌধুরী, শমিত সোমসহ অন্য প্রবাসীরা খেলতে আসবেন কি না, সেটা জানা যায়নি। এই প্রীতি সিরিজে যুক্তরাজ্য প্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেলের বাংলাদেশ অভিষেকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।