গাজায় ইসরায়েলি হামলা

শতাধিক ফিলিস্তিনি নিহত, হাজারো শিশু ভুগছে পুষ্টিহীনতায়

গাজা ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যা চলছেই। গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৫২০ ছাড়িয়ে গেছে।

একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হন আরও সাড়ে ৩ শতাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এদিকে হাজার হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থাটি জানায়, ফিলিস্তিনি অনেক মা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে সন্তানকে দুধও খাওয়াতে পারছেন না। এতে বাড়ছে নবজাতকদের মৃত্যুঝুঁকি। সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আনাদোলু বার্তাসংস্থাটি জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৫২৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরও ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৫৬ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা নিরাপত্তাজনিত কারণে সেখানে পৌঁছাতে পারছেন না।

বার্তাসংস্থাটি জানায়, গাজা উপত্যকায় সহায়তা প্রবেশে বাধা থাকায় হাজার হাজার শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। সোমবার এক বার্তায় তিনি বিষয়টি তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সহায়তা পৌঁছানোর সুযোগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় গাজার হাজার হাজার শিশু প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে।

ইসরায়েলের চলমান হামলার ক্ষতিকর প্রভাব নিয়ে তিনি বলেন, অনেক মা নিহত হয়েছেন বা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে সন্তানকে দুধ খাওয়াতে পারছেন না। এতে অসংখ্য নবজাতক মৃত্যুর ঝুঁকিতে পড়েছে অথবা তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য ক্ষতির মুখে।

তিনি আরও বলেন, এই শিশুদের জীবন বাঁচাতে প্রতিটি মুহূর্তই এখন মূল্যবান।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাতে এখন পর্যন্ত ৫৭ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।