ইংলিশ প্রিমিয়ার লিগের বাংলাদেশি তারকা হামজা চৌধুরীর গন্তব্য কোথায়? শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে তার ধারের চুক্তির মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। হামজা ফিরে গেছেন মূল ক্লাব লেস্টার সিটিতে। এতদিন তার ভবিষ্যত নিয়ে কিছুই জানায়নি আগামী প্রিমিয়ার লিগে উন্নীত হতে না পারা ক্লাবটি। তবে আজ হামজাকে নিয়ে নিরবতা ভেঙেছে ইংলিশ ক্লাবটি।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরে লেস্টার সিটির ভেরিফায়েড ফেসবুক পেইজে হামজার একটা ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে শুধু লেখা হয়েছে, ‘লকড ইন’। সেইসঙ্গে যুক্ত করা হয়েছে একটি তালার ইমোজি। ব্যাস, এতেই জল্পনা শুরু হয়েছে যে, হামজার সঙ্গে চু্ক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে লেস্টার সিটি। যদিও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।
উল্লেখ্য, লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন হামজা চৌধুরী। সেই ক্লাবটি থেকে ধারে খেলেছেন শেফিল্ড ইউনাইটেডে। কিন্তু শেফিল্ড ইউনাইটেড কিংবা লেস্টার সিটি – কোনোটাই আর প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই গুঞ্জন রটেছিল যে, গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস তাকে পেতে চাইছে। অলিম্পিয়াকোস প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করায় গুঞ্জন জোরদার হয়েছিল। পরে আর বিষয়টির অগ্রগতি হওয়ার খবর আসেনি।