চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ গ্রামের শীলপাড়া এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি গ্যাস ক্রসফিলিং কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
গতকাল মঙ্গলবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ করা হয়।
সেনা গোয়েন্দা ইউনিট (এএসইউ)-এর গোপন তথ্যের ভিত্তিতে পটিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাইমিনুর রহমান (১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) অভিযানের নেতৃত্ব দেন। পটিয়া থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
অভিযানে কারখানা থেকে ৫১২টি গ্যাস সিলিন্ডার, ২টি হাওয়া মেশিন এবং বিভিন্ন ক্রসফিলিং যন্ত্রপাতি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সমির ভট্টাচার্য।
তবে অভিযান চালানোর আগেই গ্যাস ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
অবৈধভাবে গ্যাস মজুত ও পুনরায় বোতলজাত করার এমন কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে স্থানীয় প্রশাসন।