মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের দলে থাকা ৯ ফুটবলারকে নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছে বাফুফে। আগামী ১১-২১ জুলাই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আফিদা খন্দকার। প্রথমে ৫ দেশ নিয়ে হওয়ার কথা থাকলেও ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় চার দেশ নিয়ে হচ্ছে মেয়েদের বয়সভিত্তিক এ প্রতিযোগিতাটি।
আফিদার পাশাপাশি দলে রয়েছেন আরও আট ফুটবলার। তারা হলেন: দুই গোলরক্ষক মিলি আক্তার ও স্বর্ণা রানী, ডিফেন্ডার জয়নব বিবি, মিডফিল্ডার মুনকি আক্তার ও স্বপ্না রানী। ফরোয়ার্ডে আছেন মোসাম্মৎ সাগরিকা, নবীরণ খাতুন ও উমেহ্লা মারমা। ফর্মে না থাকায় রাখা হয়নি শাহেদা আক্তার ও কোহাতি কিসকুকে।
বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এ চার দেশ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে ট্রফি। বয়সভিত্তিক সাফের এখন পর্যন্ত পাঁচ আসরে চারবারই শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা।
সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্কোয়াড
গোলকিপার: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।
ডিফেন্ডার: জয়নব বিবি, আফিদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার।
মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্ণা খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: পূজা দাস, উমেহ্লা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।