‎পাকিস্তানকে হারিয়ে সাফের‎ হ্যাটট্রিক শিরোপা ভারতের ‎

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম
নাটকীয়তা, লাল কার্ড, প্রত্যাবর্তন আর শেষ মুহূর্তের গোল—সব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেন রোমাঞ্চের সব উপাদান নিয়ে হাজির হয়েছিল। শেষ হাসিটা হাসল ভারত। সাফের চলমান শিরোপা জয় ভারত ও পাকিস্তান- দুই প্রতিদ্বন্দ্বি দলের জন্যই ছিল ইতিহাস গড়ার মঞ্চ। ভারতের জন্য হ্যাটট্রিক শিরোপা জয়, অন্যদিকে পাকিস্তানের জন্য প্রথম শিরোপা জয়। কিন্তু পাকিস্তান নয়, ঢাকায় ইতিহাস লিখলো ভারত। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফের ফাইনালে শেষ মূহুর্তের গোলে দশজনের পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে দশমবারের মতো সাফের শিরোপা জিতে নেয় ভারতই।
 
‎আন্তর্জাতিক মঞ্চে ভারতের সঙ্গে পেরে উঠে না পাকিস্তান। হোক তা ক্রিকেট, বা ফুটবল। আরও একবার তার প্রমাণ পাওয়া গেল সাফে। ৫ জন প্রবাসী ফুটবলার নিয়ে খেলতে আসা পাকিস্তান জাতীয় দল গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হারলেও শেষ চারে উঠে আসে গ্রুপের রানার্সআপ দল হিসাবে। আর সেমিফাইনালে ৮ জনের প্রবাসী বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে। কিন্তু শিরোপার লড়াইয়ে ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের।
 
‎যদিও ম্যাচের শুরু থেকে খেলার গতি ছিল পাকিস্তানেরই। নয়বারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী ভারতের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পাকিস্তান। গতি, ক্ষিপ্রতা ও দুই প্রান্ত দিয়ে আক্রমণে ভারতীয় রক্ষণকে বেশ চাপে রাখে তারা। ১৮ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে দারুণ অ্যাক্রোবেটিক শটে গোলের চেষ্টা করেন ম্যাককেল আবদুল্লাহ। তবে ভারতের গোলরক্ষক আর্শ আনোয়ার শেখ দুর্দান্ত প্রতিক্রিয়ায় দলকে রক্ষা করেন। এরপরও পাকিস্তানের আক্রমণ থামেনি। ২২ মিনিটে আরেকটি বিপজ্জনক আক্রমণে গোললাইন থেকে বল ক্লিয়ার করে ভারত। অন্যদিকে প্রথমার্ধে নিজেদের ছন্দ খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে ভারতকে। আক্রমণে তেমন ধার দেখা যায়নি তাদের। ৩৪ মিনিটে বক্সের বাইরে থেকে অভিষেক সূর্যবংশীর জোরালো হাফভলিতে গোলের সুযোগ তৈরি হলেও পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট দুর্দান্ত ডাইভে সেটি ঠেকিয়ে দেন।
 
‎কুলিং ব্রেকের পর কিছুটা ভালো খেলার চেষ্টা করে ভারত। তবে পাকিস্তানের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। প্রথমার্ধের ৪৫ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। জুনায়েদ শাহর নিচু ক্রস ভারতীয় এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় আলমগীর আলী গাজির কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান এই ফরোয়ার্ড (১-০)। তাঁর শটে কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পাননি ভারতীয় গোলরক্ষক আনোয়ার শেখ।
‎ম্যাচের মোড় ঘুরে যায় ৫৯ মিনিটে। ব্রাইসন ফার্নান্দেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পাকিস্তানের জুনায়েদ শাহ। ফলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় পাকিস্তানকে। এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। ডান দিক থেকে লুংডিমের ক্রসে প্রথমবারের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন নিকসন। তবে কাছেই থাকা সুহাইল ভাট দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে ৬০ মিনিটে জালে পাঠান। ১-১ গোলে সমতায় ফেরে ভারত। সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় ভারত। বিষ্ণুর আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক ইউসুফ বাট। মনে হচ্ছিল, ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে।
 
‎কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে ভারতের জয়ের নায়ক হয়ে ওঠেন সন্দীপ মান্ডি। আবদুল রাবিহের নেওয়া কর্নার থেকে উড়ে আসা বলে পাকিস্তানের রক্ষণভাগের ওপর দিয়ে লাফিয়ে হেড করেন তিনি। বল মাটিতে একবার বাউন্স করে জড়িয়ে যায় জালের ওপরের ডান কোণে। গোলের পর জার্সি খুলে উদ্যাপনে মাতেন মান্ডি। উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। যোগ করা পাঁচ মিনিটে সমতায় ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও আর সফল হয়নি পাকিস্তান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

 

‎পাকিস্তানের জন্য এই হার ছিল হৃদয়ভাঙার। প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছিল তারা। অন্যদিকে ভারতের জন্য এটি আরও একটি গৌরবময় অধ্যায়। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালের পর এবার ২০২৬ সালেও সাফের শিরোপা জিতল তারা। দশম শিরোপার পাশাপাশি টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তিও নিজেদের করে নিল ভারত।
সর্বশেষ সর্বাধিক পঠিত