মোবাইলে কথা বলা নিয়ে বাকবিতণ্ডার জেরে পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ খাঁ গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী সবুজ মোবাইল ফোনে একটি মেয়ের সঙ্গে কথা বলেন। এ কারণে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ খাঁর অনুসারী এক যুবক বুধবার দুপুরে সবুজকে মারধর করেন। পরে সবুজ ফিরে গিয়ে তার অনুসারী নেতাকর্মী নিযে এসে রউফের অনুসারীদের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ বাঁধে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ খাঁ গুলিবিদ্ধ সহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।