আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদুল হাসান রানা (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাথুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

রানা ওই গ্রামের শেখ আহমদ বাড়ির মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি পটিয়া খলিল মীর ডিগ্রী কলেজের বি.এ ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানায়,সকালে গোয়াল ঘরের মেরামত কাজ করছিল রানা। এ সময় ঘরের ছাদে বৈদ্যুতিক তার জড়িয়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু হয়।’