সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ইমো হ্যাকার চক্রের ২ সদস্য আটক

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামে একটি সংঘবদ্ধ ইমো হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। 

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনা সূত্র জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইমো অ্যাপ ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার করে তারা বিভিন্ন কৌশলে মানুষকে ঠকিয়ে অর্থ আদায় করতেন।

আটক হওয়া দুজনই স্থানীয় বাসিন্দা। একজন হলেন মরাপাতিয়া গ্রামের মৃত বেলায়েতের ছেলে জয় এবং অন্যজন একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামীম।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল এবং ৩০টি অতিরিক্ত সিমকার্ড উদ্ধার করা হয়, যা এসব প্রতারণামূলক কাজে ব্যবহৃত হতো।

আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।