দাখিল পরীক্ষায় পাস ৬৮ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৯ হাজার

চলতি বছরের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ০৯ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের সময় এ তথ্য জানানো হয়।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এবারে দাখিল পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯ হাজার ৬৬ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কম। একইসঙ্গে সার্বিকভাবে ১১টি শিক্ষা বোর্ডে এবারের গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে ২০২৪ সালে তা ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। ফলে তুলনামূলকভাবে পাসের হার বড় ধরনের পতন দেখিয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে এবারও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৭১ দশমিক ০৩ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ। টানা দশম বছরের মতো এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে রইল মেয়েরা।

উল্লেখ্য, ১১টি শিক্ষা বোর্ডের আওতায় এ বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছে, যা গত বছরের ১ লাখ ৮২ হাজার ১২৯ জনের তুলনায় অনেক কম। এই পতন শিক্ষার মান, প্রশ্ন কাঠামো ও পরীক্ষার পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।