স্কুল-কলেজের মত এবার এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকরা-শিক্ষিকারাও পাবেন বদলির সুযোগ। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
নতুন বিধি অনুযায়ী, কর্মজীবনে শিক্ষকরা দুইবার ও শিক্ষিকারা তিন বার কর্মস্থল বদলাতে পারবেন। একইসঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে।
নীতিমালায় বলা হয়, এটি ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (মাদরাসা) প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪’ হিসেবে অভিহিত হবে।
বদলির সাধারণ শর্তগুলো হলো- এনটিআরসিএ প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করতে হবে। বদলির জন্য ১ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। ৩০ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন, তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে।
বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার দুই বছর পর বদলির আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে দুইবার ও শিক্ষিকা তিনবার বদলির সুযোগ পাবেন বলে নীতিমালায় বলা হয়েছে।
একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রাধিকার বিবেচনায় জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনা অগ্রাধিকার পাবে। জ্যেষ্ঠতার বিচার হবে চাকরিতে যোগদানের তারিখের ভিত্তিতে। একটি মাদরাসা থেকে বছরে একজনই বদলির সুযোগ পাবেন।
এছাড়া, বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলি হওয়া শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান, এনটিআরসিএ ও মাউশির মহাপরিচালককে অনলাইনে অবহিত করবেন। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে।
অন্তর্বর্তী সরকার দুই বছর থাকুক: নুর
চলতি মাসে প্রতিদিন রেমিট্যান্স আসছে ১১৪২ কোটি টাকা
শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা