ময়মনসিংহে পাসের হার ৫৮.২২

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে দেখা গেছে পাসের হার ৫৮.২২ শতাংশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ জানান, চলতি বছরে মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী।

জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী জামালপুরে মোট ২৫ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৫ হাজার ৩৩৬ জন (পাসের হার ৫৯.৪৬%), নেত্রকোনায় ১৯ হাজার ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৬৬৯ জন (পাসের হার ৬০.০৮%), ময়মনসিংহে ৪৫ হাজার ৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার ৬৯১ জন (পাসের হার ৫৮.২০%) এবং শেরপুরে ১৪ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭৬০ জন (পাসের হার ৫৩.৫৪%)।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, সামগ্রিকভাবে পাসের হার আশানুরূপ না হলেও, শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীদের ধারাবাহিক অগ্রগতি আমাদের আশাবাদী করে তুলেছে। আগামী দিনে শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।