কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

প্রায় আট মাস পর রাঙ্গামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে একসঙ্গে চালু করা হয়েছে পাঁচটি ইউনিট। আর এই পাঁচ ইউনিট চালুর মাধ্যমে বর্তমানে এই কেন্দ্রে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর আগে চারটি ইউনিট চালু রেখে ১৭২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এই কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, গত বুধবার রাত ৮টায় এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের সব ইউনিট চালু করা হয়েছে, যা থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১২ মেগাওয়াট। পাঁচটি ইউনিটের মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরে রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।