মাদ্রাসা বোর্ডে দেশসেরা এনএস কামিল মাদ্রাসা

দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেশসেরা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৪২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২২৭ জন জিপিএ ৫ পেয়েছে। প্রায় শতভাগ পাসের হার নিয়ে দাখিল পরীক্ষায় সেরা অবস্থান অর্জন করেছে মাদ্রাসাটি।

ফলাফল জানিয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় এবার পাসের হার ৯৯.৭৭ শতাংশ এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ৫৪ শতাংশ। অন্যদিকে ঢাকার দারুন্নাজাত আলিয়া মাদ্রাসায় পাসের হার ৯৬ শতাংশ। তাছাড়া ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ৯৭ শতাংশ পাস করেছে। গড় ফলাফলে এনএস কামিল মাদ্রাসা দেশসেরা হিসেবে বিবেচিত হয়েছে বলে জানান অধ্যক্ষ। এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ২১২ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে ৫৪ জন জিপিএ ৫ পেয়েছে।