মুন্সীগঞ্জের সিরাজদিখানে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সাহেব আলী (৫৮) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা গ্রামের মধ্যনগর জামে মসজিদের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত সাহেব আলী ঘোড়ামারা গ্রামের প্রয়াত ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মসজিদের সামনের কাঁচা রাস্তায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসা দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ছেলে মো. জয়নাল বলেন, জমি-জমা ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। কয়েকদিন আগে বাবার মোবাইল ফোনে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
সিরাজদীখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি-জমা সংক্রান্ত পূর্ববিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এখনও লিখিত অভিযোগ পাইনি।