জোটাহীন লিভারপুলের প্রথম ম্যাচ, প্রেস্টনে হবে স্মরণ

প্রয়াত ডিয়োগো জোটাকে স্মরণ করবে লিভারপুল। আগামী রবিবার প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগিজ ফরোয়ার্ড এবং তার ভাই আন্দ্রে সিলভাকে ঘিরে থাকবে একাধিক শ্রদ্ধার আয়োজন।

গত সপ্তাহে স্পেনের জামোরা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা ও তার ছোট ভাই। ফেরার পথে ওভারটেক করার সময় টায়ার ফেটে ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। তারা যাচ্ছিলেন স্পেনের সানতানদার বন্দরের দিকে, সেখান থেকে জোটা প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল।

এই ম্যাচই জোটার মৃত্যুর পর লিভারপুলের প্রথম মাঠের লড়াই। ম্যাচের শুরুতেই বাজবে লিভারপুলের বিখ্যাত অ্যান্থেম ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। প্রেস্টন অধিনায়ক বেন হুইটম্যানের নেতৃত্বে স্মারক পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে অ্যাওয়ে গ্যালারির সামনে। ম্যাচের আগে পালন করা হবে এক মিনিটের নীরবতা। দুই দলের খেলোয়াড়রাই কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবেন।

প্রেস্টন ক্লাবও জোটার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ স্মারক সংস্করণে প্রকাশ করছে ম্যাচডে প্রোগ্রাম। প্রি-ম্যাচ অনুষ্ঠানে থাকবে শ্রদ্ধানিবেদন।

লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছিলেন জোটা। ২০২২ সালে লিগ কাপ ও এফএ কাপ এবং গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

দেশের হয়েও ছিলেন উজ্জ্বল। পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল। গত ৮ জুন শেষবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন—নেশনস লিগ ফাইনালে স্পেনকে হারিয়ে জিতেছিলেন শিরোপা।

জোটার ও আন্দ্রের শেষকৃত্য ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে তাদের নিজ শহর পর্তুগালের গোঁদোমারে।