টানা তৃতীয় ফাইনালে আলকারাজ

শেষ দুই মৌসুম ধরেই উইম্বলডনের শিরোপা নিজের করে রেখেছেন কার্লোস আলকারাজ। এবারও সেই সম্ভাবনা জিইয়ে রাখলেন। সেমিফাইনালের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে ৩-১ সেটে হারিয়ে উইম্বলডনের টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করেছেন বিশ্বের দ্বিতীয় বাছাই এ স্প্যানিয়ার্ড। 

টেইলর ফ্রিটজ সেমিফাইনালে কার্লোস আলকারাজের মুখোমুখি হন তার ক্যারিয়ারের সেরা গ্রাস কোর্ট মৌসুমের আত্মবিশ্বাস নিয়ে। স্টুটগার্ট ও ইস্টবোর্নে জিতে ঘাসে তার শিরোপা সংখ্যা দাঁড়ায় পাঁচেÑ যা আসলে আলকারাজের চেয়েও বেশি। এই আত্মবিশ্বাসের সঙ্গেই ইউএস ওপেনে রানার্সআপ ফ্রিটজ প্রথমবার উইম্বলডনের সেমিফাইনালে ওঠেন।

২ ঘণ্টা ৪৯ মিনিটের পুরো ম্যাচ জুড়েই লড়াই করেছেন এ পঞ্চম বাছাই। অ্যামান্ডা আনিসিমোভার পথ ধরে দ্বিতীয় মার্কিনি হিসেবে ফাইনালে উঠতে আলকারাজকে বারবার কঠিন পরিস্থিতিতেও ফেলেন। কিন্তু লাভ হয়নি। প্রথম ও তৃতীয় সেট আলকারাজ জেতেন ৬-৪, ৬-৩ গেমে। ফ্রিটজ ৭-৫ গেমে দ্বিতীয় সেট জেতার পর চতুর্থ সেটে খেলা নিয়ে যান টাইব্রেকে। এগিয়েও গিয়েছিলেন ৬-৪ পয়েন্টে। কিন্তু টানা ৪ পয়েন্ট নিয়ে টাইব্রেক জিতে নেন আলকারাজ।

২০২১ সালে যখন আলকারাজ ছিলেন ১৮ বছর বয়সী ৭৫ র‌্যাংকিংয়ের এক নবাগত, তখন থেকে উইম্বলডনে সেরা পাঁচে থাকা কারোর কাছে তিনি হারেননি। চার বছর পর এই সেমিফাইনালসহ উইম্বলডনে টানা বিশটি ম্যাচ জেতা হলো আলকারাজের। আর একটি ম্যাচ জিতলেই তিনি গড়বেন অনন্য কীর্তি, উইম্বলডনের হ্যাটট্রিক শিরোপা জেতার। যা এর আগে করতে পেরেছেন মাত্র চার জন খেলোয়াড়। 

গত দুই আসরের ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপা জিতেছিলেন আলকারাজ। এবারের ফাইনালে তার প্রতিপক্ষ হবেন ইয়ানিক সিনার কিংবা জকোভিচ।