আর্জেন্টিনা সমর্থকদের চেলসির হয়ে গলা ফাটাতে বললেন এনজো

আর কয়েকঘণ্টা পর ‎ক্লাব বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান ইউরপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি এবং ইংলিশ জায়ান্ট চেলসি। ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেলসির আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, পিএসজিকে তারা সমীহ করছেন। তবে মাঠের লড়াইয়ে কোনো ছাড় দেবে না চেলসি। একইসঙ্গে তিনি আর্জেন্টিনা সমর্থকদের সমর্থনও প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার বলেছেন, ‘মানুষ প্যারিস নিয়ে কথা বলছে, এটাই স্বাভাবিক। ওরা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন, অনেক দিন ধরেই ভালো খেলছে। আজ তারা প্রমাণ করেছে তারা কী করেছে পুরো বছরজুড়ে। পিএসজি এখন বিশ্বের সেরা দল, তবে আমরাও জয়ের জন্য প্রস্তুত। আশা করি, দারুণ একটা ম্যাচ হবে।’

‎২৪ বছর বয়সেই বিশ্বকাপ জিতেছেন এনজো। সেই কাতার বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘ফাইনালে খেলতে গেলে প্রচণ্ড মনোযোগ দরকার। একটুও জায়গা ছেড়ে দেওয়া যাবে না। ওদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। আমি ফাইনাল খেলতে ভালোবাসি। সৌভাগ্যক্রমে বেশিরভাগই জিতেছি। এটা আরেকটা ফাইনাল, অবশ্যই উপভোগ করব। বিশ্বকাপের মতো নয়, তবে কাছাকাছি আনন্দ পাব। আশা করি আর্জেন্টাইনরা চেলসির জন্য গলা ফাটাবে। তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ‎তীব্র গরমের মাঝে ম্যাচ আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনজো, ‘অবিশ্বাস্যরকমের বেশি তাপমাত্রা। আমি সেদিন একটু মাথা ঘুরে পড়েই গিয়েছিলাম! এমন আবহাওয়ায় খেলা খুবই বিপজ্জনক—ফুটবলারদের জন্য, দর্শকদের জন্য, যারা মাঠে আসেন বা ঘরে বসে খেলা দেখেন। খেলার গতি কমে যায়, মজা নষ্ট হয়। আশা করি অন্তত আগামী বছর থেকে সময়সূচি বদলাবে, যেন ফুটবল আগের মতো উপভোগ্য থাকে।’