প্রিমিয়ার লিগে নিজেদের ছন্দ খুঁজে ফিরতে গিয়ে আরও বড় ধাক্কা খেল চেলসি। নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-২ গোলে হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেল জাবি আলোনসোর দল। আর এই জয়ে ২৯ বছর পর নিজেদের মাঠে চেলসিকে হারানোর কীর্তি গড়ল অলিভার গ্লাসনারের নটিংহ্যাম। এর আগে সবশেষ ১৯৯৭ সালে নিজেদের মাঠে ব্লুজদের হারিয়েছিল তারা।
গতকাল রাতের ম্যাচের শুরু থেকেই নড়বড়ে ছিল চেলসির রক্ষণভাগ। লেভি কোলউইলকে বসিয়ে মিডফিল্ডার ময়সেস কাইসেদোকে সেন্টার-ব্যাক হিসেবে খেলানোর সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়ায় আলোনসোর জন্য। পঞ্চম মিনিটেই ডান দিক থেকে দানিয়েল মুনোজের ক্রস বক্সে পেয়ে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান ইগর জেসুস, তখন চেলসি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ কেবল তাকিয়ে ছিলেন।
প্রথমার্ধে গোলের লক্ষ্যে একটিও শট নিতে পারেনি চেলসি, বিপরীতে জর্ডান হেন্ডারসন ও ড্যানি ওয়েলব্যাকের মতো অভিজ্ঞদের নামিয়েও মাঝমাঠ বা আক্রমণে ছন্দ ফেরাতে পারেননি আলোনসো; চোটাক্রান্ত জোয়াও পেদ্রোর অনুপস্থিতিতেও ভুগেছে আক্রমণভাগ।
বিরতির পর ড্যানি ওয়েলব্যাকের বদলি হিসেবে ইমানুয়েল এমেঘাকে নামালেও ফেরার শুরুতেই ধাক্কা খায় চেলসি। ৫১তম মিনিটে সাবেক চেলসি ফরোয়ার্ড লিয়াম ডেলাপকে বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেন ওয়েসলি ফোফানা, যেখানে স্পটকিক সহজেই জালে জড়ান মর্গ্যান গিবস-হোয়াইট। নটিংহ্যাম এগিয়ে যায় ২-০তে। ম্যাচজুড়ে চেলসি সমর্থকদের দুয়ো শুনতে হওয়া ফোফানাকে এরপরই তুলে নেন আলোনসো।
অবশ্য তিন মিনিট পরই পেদ্রো নেতো ও জায়ের কুনহার ডিফ্লেকশন কাজে লাগিয়ে নিচু শটে ব্যবধান ২-১ করেন এমেঘা। তবে ৭২তম মিনিটে জাভার শ্লাগারের নিখুঁত পাসে গিবস-হোয়াইট আবারও ব্যবধান বাড়িয়ে নেন ৩-১-এ; ৮৯তম মিনিটে নেতো ও এমেঘার যুগলবন্দিতে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি চেলসির।
দলের বর্তমান সংকট ও সমর্থকদের হতাশা নিয়ে নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে স্কাই স্পোর্টসে চেলসি কোচ আলোনসো বলেন, ‘এটা সবার জন্য, সমর্থকদের জন্য কঠিন সময়, অবশ্যই আবার হেরে যাওয়া হতাশাজনক। আমাদের সমাধান খুঁজতেই হবে, সমালোচনামূলক হতে হবে, থেমে থাকা যাবে না। আমাদের আত্মবিশ্বাস কম, কিন্তু সমাধান খোঁজার দায়িত্ব আমাদেরই। আমরা অবশ্যই আরও ভালো করতে পারি।’
ম্যাচের মোড় ঘুরে যাওয়া ও গোল ধরে রাখতে না পারার ব্যর্থতা নিয়ে আরও খোলামেলা বিশ্লেষণে গিয়ে চেলসি কোচ বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস কম। আপনারা দেখছেন দল ফল ধরে রাখতে হিমশিম খাচ্ছে, ২-১ করার পর আমরা ৩-১ গোল হজম করেছি, যখন ওই গোল থেকে আমাদের কিছুটা গতি পাওয়ার কথা ছিল; তাই সবকিছু আমাদের পক্ষে যাচ্ছে না। এর দায় আমাদের, কিন্তু সমাধান খুঁজে বের করতে হবে।’
অন্যদিকে অলিভার গ্লাসনারের অধীনে সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি ও চেলসিকে হারিয়ে রেলিগেশন জোন থেকে তিন পয়েন্ট দূরে ১৪ নম্বরে উঠে এসেছে ফরেস্ট। ঘরের মাঠের পরিবেশ ও দলের ভেতরের তাড়না নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাতের নায়ক মর্গ্যান গিবস-হোয়াইট বলেন, ‘সিটি গ্রাউন্ডে ফ্লাডলাইটের আলোয় শুক্রবার রাতটা ছিল নিখুঁত এক রাত। আমাদের ড্রেসিংরুমে সেই ক্ষুধা ও আকাঙ্ক্ষা আছে, শুধু ধারাবাহিকভাবে দেখাতে হবে, এক সপ্তাহ করলাম আর পরের সপ্তাহে করলাম না, এমন হলে চলবে না। সেটা করতে পারলে অনেক দলই আমাদের আটকাতে পারবে না বলে আমি মনে করি।’
শেষ মুহূর্তে দুই গোল হজম করে ম্যাচ জমিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়ে নটিংহ্যাম কোচ গ্লাসনার বলেন, ‘আমি বলব না এটা হতাশা ছিল। তবে আমি বলব এটা অপ্রয়োজনীয় ছিল, কারণ আমরা সত্যিই দারুণ খেলেছি, অপ্রয়োজনীয় হলেও আমরা এখান থেকে শিখব। জিতলে সব ঠিক আছে।’
এদিকে হারে ১২ লিগ ম্যাচে ষষ্ঠ পরাজয়ে টেবিলের আটে নেমে গেল চেলসি, আর হজম করা ২৩ গোলের কারণে আলোনসোর দল এখন তলানির ক্রিস্টাল প্যালেসের পর লিগের দ্বিতীয় নাজুক রক্ষণভাগের দল, যাদের বিপক্ষে আগামী বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে মাঠে নামবে চেলসি।
কলম্বাসের শেষ মুহূর্তের গোলে বিদায় মেসিদের