শাহজালাল বিমানবন্দরে বোমা আতঙ্ক, আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে বোমা রয়েছে বলে অচেনা নম্বর থেকে ফোনকলে জানানো হয়। বোমা থাকার আশঙ্কায় বিজি-৩৭৩ ফ্লাইটটিতে ৩ ঘণ্টার নিবিড় তল্লাশি চালানো হয়। কিন্তু বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।

এ সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে উত্তরা ও দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাব ও সেনাবাহিনীর একটি যৌথ দল।

র‍্যাব জানায়, এই ঘটনাটা সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারে, তাই মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

তিনি জানায়, গত ১১ জুলাই বিকালে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে এক মহিলা কণ্ঠ জানায়, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা জাতীয় বস্তু থাকতে পারে। সে অনুযায়ী উড়োজাহাজটি থামিয়ে তল্লাশি চালানো হলেও কিছুই পাওয়া যায়নি।

পরবর্তীতে ফোনকল ট্র্যাক করে ০১৬২৩৬৯৬২৮২ নম্বরটির সূত্র ধরে দক্ষিণখান ও উত্তরা এলাকার একটি বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে ইমনের স্ত্রী তাহমিনা, ইমনের মা ও ইমরান নামে আরও একজনকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিনা কারণে এমন বিভ্রান্তিকর তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা গুরুতর অপরাধ।

র‍্যাব জানায়, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।