গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় দিনভর এসব হামলার ঘটনা ঘটে বলে হাসপাতালসূত্রে নিশ্চিত করা হয়েছে। খবর: আলজাজিরা।
এদিকে বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা সকলেই সেদিন ত্রাণ সংগ্রহের জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন।
অন্যদিকে, গাজা শহরের ঘনবসতিপূর্ণ আল–শাতি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে অনেক শিশুও। আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানকার পরিবেশ বর্ণনা করতে গিয়ে চিকিৎসা-কর্মীরা জানিয়েছেন, সারা হাসপাতালে ছড়িয়ে আছে রক্তাক্ত ও আতঙ্কিত মানুষ, ভেতরে যেন এক মৃত্যুপুরী।