অপ্রতিরোধ্য মেসির টানা পাঁচ ম্যাচে জোড়া গোল

দুর্দান্ত, অপ্রতিরোধ্য লিওনেল মেসি! যেন সেই ক্যারিয়ারের সোনালী সময়ের জাদুকর। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে করলেন জোড়া গোল। ন্যাশভিলের বিপক্ষে তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি। আজকের আগে মেসি জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে।

বাংলাদেশ সময় রবিবার ভোরে ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৭তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। ফাউলের শিকার হয়ে ফ্রি কিক পেয়ে মানবদেয়ালের মাঝ দিয়ে নিচু শটে গোলকিপারকে অসহায় বানিয়ে বল পাঠিয়ে দেন জালে। এই গোলের মাধ্যমে ফ্রি কিক থেকে চতুর্থ সর্বোচ্চ ৬৯টি গোলের মালিক হয়েছেন মেসি। তার সামনে আছেন শুধু জুনিনহো (৭২), রবার্তো ডিনামাইট (৭৫) এবং মার্সেলিনো কারিওকা (৭৮)।

মেসির দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে। প্রতিপক্ষ গোলকিপারের ভুলের সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন। সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর ন্যাশভিল গোলকিপার জো উইলিস ভুলবশত বল পাঠিয়ে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির কাছে। এমন সুযোগ কি তিনি মিস করেন? মেসির জোড়া গোলের বিপরীতে ন্যাশভিল একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে। টানা ছয় ম্যাচ অপরাজিত মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট ৫ নম্বরে আছে।