ভারত-ইংল্যান্ডের মধ্যকার চলমান লর্ডস টেস্টে বিরল একটা ব্যাপার ঘটেছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৮৭ রান। ভারতের প্রথম ইনিংসও শেষ হয়েছে সেই ৩৮৭ রানেই। ২ হাজার ৫৯৪ টেস্টের মধ্যে মাত্র ৯ম বারের মতো ঘটল প্রথম ইনিংস টাই হওয়ার ঘটনা। ১০ বছর আগে ২০১৫ সালে শেষবার এমনটা দেখা গেছে। এবার আগের সেই আটটি বিরল ম্যাচের দিকে নজর দেওয়া যাক।
দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (ডারবান, ১৯১০): ১১৫ বছর আগে প্রথমবার এই ঘটনা ঘটেছিল। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ১৯৯ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসও শেষ হয়েছিল ১৯৯ রানে। শেষ পর্যন্ত ৯৫ রানে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কানপুর, ১৯৫৮): ভারতের ম্যাচে প্রথম ইনিংস টাইয়ের ঘটনা আগেও হয়েছে। কানপুরে এই টেস্টে প্রথমে ব্যাট করে ২২২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতও জবাবে ২২২ রান করেছিল। শেষ পর্যন্ত ২০৩ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (অকল্যান্ড, ১৯৭৩): বিদেশের মাটিতে খেলতে নেমে প্রথম ইনিংসে ৪০২ রান করেছিল পাকিস্তান। জবাবে নিউজিল্যান্ডও প্রথম ইনিংসে ৪০২ রান করেছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচ ড্র হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (জ্যামাইকা, ১৯৭৩): একই বছরের একই মাসে দুই টেস্টে প্রথম ইনিংস টাই হয়েছিল। এই ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪২৮ রান। ওয়েস্ট ইন্ডিজও একই রান করেছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচটাও ড্র হয়।
ইংল্যান্ড বনাম ভারত (বার্মিংহাম, ১৯৮৬): ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ড টেস্টে প্রথম ইনিংস টাই হওয়ার ঘটনা আগেও ঘটেছে। ৩৯ বছর আগে সেই টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে ৩৯০ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ভারতও ৩৯০ রান করেছিল। সেই টেস্ট ড্র হয়েছিল। লর্ডস টেস্টের ভাগ্যও কি তাই হবে?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড (অ্যান্টিগা, ১৯৯৪): আগে ব্যাট করে ৫৯৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ইনিংসেই ৩৭৫ রান করেছিলেন ব্রায়ান লারা, যা দীর্ঘদিন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হয়ে ছিল। পরে তিনি নিজেই ৪০০ রানের ইনিংস খেলেন। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডও ৫৯৩ রান করেছিল। ম্যাচটি ড্র হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, ২০০৩): এই টেস্টে আগে ব্যাটিংয়ে নেমে ২৪০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজও ২৪০ রান করেছিল। চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ৪১৮ রান। টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (লিডস, ২০১৫): গতকালের আগে শেষবার এই টেস্টেই প্রথম দুই ইনিংসে রান টাই হয়েছিল। প্রথমে ব্যাট করে ৩৫০ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ইংল্যান্ডও প্রথম ইনিংসে ৩৫০ রান করেছিল। তবে শেষ পর্যন্ত ১৯৯ রানে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।