২০২৫ সালে বৈশ্বিক পর্যায়ে সবচেয়ে বেশি সুপারিশ পাওয়া ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল এমিরেটস এয়ারলাইন। অনলাইন গবেষণা ও বিশ্লেষণ সংস্থা YouGov পরিচালিত এক জরিপে এই এয়ারলাইনকে ২০২৫ সালের Most Recommended Global Brand হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্বের শীর্ষ দশ ব্র্যান্ডের তালিকায় এয়ারলাইনের মধ্যে একমাত্র অবস্থান নিয়েছে এমিরেটস।
ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের আস্থা ও সন্তুষ্টির ভিত্তিতে এই তালিকা তৈরি করে থাকে YouGov। তারা নির্ধারণ করে কতজন গ্রাহক সেই ব্র্যান্ডটি তাদের বন্ধু বা সহকর্মীদের কাছে সুপারিশ করেছেন। এমিরেটস এবার অর্জন করেছে ৮৮.৪ শতাংশের অভূতপূর্ব স্কোর, যা তালিকায় থাকা অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে।
২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত সময়কালে বিশ্বের ২৮টি বাজারে ১০ লক্ষাধিক ভোক্তার ওপর চালানো হয় এই জরিপ। প্রতিটি দেশে সংশ্লিষ্ট ব্র্যান্ডের সুপারিশ স্কোর এবং সেই মার্কেটে ব্র্যান্ডটির গ্রাহকসংখ্যার অনুপাত বিবেচনায় নিয়ে গড় স্কোর নির্ধারণ করা হয়।
এমিরেটস এয়ারলাইনের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেছেন, ‘বিশ্বজুড়ে আমাদের যাত্রীদের সঙ্গে যে আস্থার বন্ধন গড়ে উঠেছে, এই স্বীকৃতির মাধ্যমে তারই প্রতিফলন ঘটেছে। আমাদের যাত্রীরা শুধু তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, বরং যত্ন, বিশ্বাসযোগ্যতা ও মানসম্মত সেবার জন্য এমিরেটসকে বেছে নেন।’
বিশ্বমানের যাত্রীসেবা নিশ্চিত করতে নিয়মিত সেবা উন্নয়নে বিনিয়োগ করছে এমিরেটস। যাত্রার প্রতিটি ধাপে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা দিতে তারা আকাশপথ থেকে শুরু করে ভূমিপথেও উদ্ভাবনী ও পেশাদার সেবা দিয়ে থাকে।
২০২৫ সালের প্রথমার্ধে এমিরেটস তাদের বৈশ্বিক নেটওয়ার্ক আরও সম্প্রসারিত করেছে—নতুন তিনটি গন্তব্যে ফ্লাইট চালু করেছে এবং শিগগিরই হানঝুও রুটে ফ্লাইট শুরু হবে। এয়ারলাইনটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপজুড়ে ৯টি ট্রাভেল রিটেইল স্টোর চালু করেছে। সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০ ইতোমধ্যে ১০টি গন্তব্যে যাত্রী পরিবহন করছে। এমিরেটস বিশ্বের প্রথম স্বীকৃত অটিজম সার্ভিটাইড এয়ারলাইন হিসেবেও পরিচিতি পেয়েছে।
এর আগে, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ সুপারিশকৃত ব্র্যান্ড হিসেবে ৯২.৬ স্কোর পেয়েছিল এমিরেটস। একই বছরে YouGov-এর যুক্তরাষ্ট্র বিষয়ক প্রতিবেদনে মার্কিন যাত্রীদের মধ্যে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করে এমিরেটস। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিলেনিয়াল ও জেন-জি প্রজন্মের কাছে এটি শীর্ষ দশে জায়গা করে নেয়।
উল্লেখ্য, ইউগভ একটি নিরপেক্ষ গবেষণা সংস্থা হিসেবে পরিচিত, যারা ভোক্তাদের মতামত ও আগ্রহ বিশ্লেষণ করে থাকে। তাদের নিজস্ব BrandIndex টুলের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ব্র্যান্ডের কার্যকারিতা পর্যবেক্ষণ করে তারা নিয়মিত এই ধরনের র্যাংকিং প্রকাশ করে।