অর্ডন্যান্স রিক্রুট ব্যাচ-২০২৬-এর কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স রিক্রুট ব্যাচ-২০২৬-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লজিস্টিকস এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল পরিবেশে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে এবং দেশের সেবায় আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান।

পরে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী নবীন সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

সর্বশেষ সর্বাধিক পঠিত