দিলদারের ২২তম প্রয়াণ দিবস আজ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তি কৌতুক অভিনেতাদের একজন দিলদার। তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন সকলের মন জয় করা একজন মানুষ। চাঁদপুরে জন্ম নেওয়া এই শিল্পীর প্রকৃত নাম দেলোয়ার হোসেন। সিনেমায় এসে হয়ে গেলেন ‘দিলদার’। 

একটা সময় যার উপস্থিতিতে প্রেক্ষাগৃহে বইতো হাসির ঝরনাধারা, দর্শকদের উচ্ছ্বাস। কমেডিয়ান হলেও বাংলা সিনেমার আর পাঁচজন নায়কদের মতোই ছিল তার জনপ্রিয়তা। কিন্তু ২০০৩ সালের আজকের এই দিনে (১৩ জুলাই) দর্শকের মুখের হাসি কেড়ে নিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। এই কিংবদন্তির মৃত্যুর ২২ বছর পেরিয়ে গেলেও এখনও তাকে স্মরণ করেন দর্শকেরা।

তার অভিনয় এতটাই উপভোগ করতো দর্শক, কেউ কাউকে হাসালেই তাকে ‘দিলদার’ উপাধি দেওয়া হতো। 

এই অভিনেতার মৃত্যুর পরে ইন্ডাস্ট্রিতে আরও অনেক কৌতুক অভিনেতাই এসেছেন, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন। কিন্তু কেউই দিলদারের অভাব পূরণ করতে পারেননি। 

মাত্র ২০ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো এই মানুষটি প্রথম বড় পর্দায় সুযোগ পান ১৯৭২ সালে, ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান দিলদার। এরপর অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। চার দশকের কম সময়ে তিনি অভিনয় করেন ৫০০ এরও বেশি সিনেমায়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া, ‘অন্তরে অন্তরে’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘স্বপ্নের নায়ক’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’ ইত্যাদি।

একজন অভিনেতার বাইরেও দিলদার ছিলেন একজন প্রাণবন্ত মানুষ। শুটিং সেটে তার প্রাণখোলা হাসিতে মেতে থাকতো শুটিং সেটের অন্যান্য শিল্পীরা। অভিনয়ের বাইরে মালেক আফসারী পরিচালিত ‘লাল বাদশা’ ছবির জন্য ‘শুধু ডিম দিয়ে পরিচয়’ গানটি নিজেই গেয়েছিলেন, পরে যেটি জনপ্রিয় হয়ে ওঠে।  

দিলদারের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে, তাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মাণ করা হয়েছিল ‘আব্দুল্লাহ’ নামে একটি চলচ্চিত্র। নূতনের বিপরীতে এই ছবিতে বাজিমাত করেছিলেন তিনি। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ছবির গানগুলো।

সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন দিলদার। যে বছর সেরার স্বীকৃতি পেলেন সে বছরই কোটি কোটি দর্শককে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় জানান তিনি।

পারিবারিকভাবে দিলদার দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী ও দুই কন্যা বেঁচে আছেন।