এক ওভারে ৬ ছক্কায় গিবস-যুবরাজদের পাশে এবার মানান

ঘরোয়া ক্রিকেটে অনেকেই করেছেন এক ওভারে ৬ ছক্কা মারার কীর্তি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তা এখনও বিরল ঘটনার তালিকায় পড়ে। সেই তালিকায় এবার নতুন নাম যোগ হলো—বুলগেরিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান মানান বশির।

আজ (১৩ জুলাই) জিব্রাল্টারের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কবির মিরপুরীর করা একটি ওভারে টানা ৬ ছক্কা হাঁকিয়ে গড়ে ফেলেছেন এই অসাধারণ রেকর্ড। এই কীর্তির মাধ্যমে হার্শেল গিবস, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, জাসকরন মালহোত্রা ও দীপেন্দ্র সিং ঐরীর পাশে নিজের নাম বসালেন মানান।

সোফিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯৪ রান তোলে জিব্রাল্টার। জবাবে বুলগেরিয়া ১৫ ওভার শেষে ছিল ২ উইকেটে ১৫৭ রানে। এরপরই ম্যাচের মোড় ঘোরানো সেই মুহূর্ত। ১৬তম ওভারে বোলিংয়ে আসেন কবির মিরপুরী, আর স্ট্রাইকে থাকা মানান বশির একের পর এক ছক্কায় ওভারটা শেষ করেন ছক্কা-ছক্কা-ছক্কা-ছক্কা-ছক্কা-ছক্কা দিয়ে! মাত্র ১৬.৩ ওভারেই ২০০ রান তুলে ম্যাচ জিতে নেয় বুলগেরিয়া।

পাকিস্তানি বংশোদ্ভূত ২৫ বছর বয়সী মানান বশিরের এটি ছিল অষ্টম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। অভিষেক করেছেন গত বছর মে মাসে, প্রতিপক্ষ তখনও ছিল জিব্রাল্টারই। এরই মধ্যে ৮ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২৬২ রান, গড় ৪৩.৬৬ আর স্ট্রাইক রেট চোখ ধাঁধানো—২৬৭.৩৪। ছক্কার সংখ্যা? আন্তর্জাতিক ক্রিকেটেই ৩১টি, ঘরোয়া ক্রিকেটসহ মোট ছক্কা ১৭৫টি!

ব্যাট হাতে বিস্ফোরক এই পারফরম্যান্সে ক্রিকেটবিশ্বে আবারও আলোচনায় উঠে এলেন এক নতুন মুখ। এমন কীর্তিতে হয়তো আরও একধাপ এগিয়ে গেল বুলগেরিয়ান ক্রিকেটও।