লম্বা খরা শেষে ব্যাটে হাসি ফিরেছে লিটন দাসের। টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর পেলেন ফিফটি। সেটিও আবার এমন এক মুহূর্তে, যখন বাংলাদেশ ছিল চাপের মধ্যে। শুরুর ধাক্কা সামলে একপ্রান্ত আগলে রেখে দলকে টেনেছেন অধিনায়ক। ছক্কা মেরে পূর্ণ করেছেন নিজের অর্ধশতক।
শেষবার ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ফিফটি পেয়েছিলেন লিটন। এরপর একের পর এক ব্যর্থতা, সমালোচনার ঢেউ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এবার নতুন শুরু করলেন তিনি। টি–টোয়েন্টিতে লিটনের এটা প্রথম ফিফটি লঙ্কানদের বিপক্ষে। আর সামগ্রিকভাবে এটি তাঁর ১২তম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ফিফটি।
এই ইনিংস যেন কিছুটা হলেও স্বস্তি দেবে তাকে। ম্যাচের আগের দিন প্রধান কোচ ফিল সিমন্স বলেছিলেন, লিটনের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখেন তিনি। তবে তাঁর আশা ছিল, অধিনায়ক এবার নিজের সামর্থ্যের প্রমাণ দেবেন। মাঠে লিটন সেটিই করলেন।
১৬ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ১২৮/৪। লিটনের সঙ্গে ক্রিজে ছিলেন শামীম হোসেন, যিনি ১৪ বলে ২২ রান করে খেলছেন দারুণ এক ইনিংস। ১৭তম ওভারে নুয়ান তুষারার ওপর চড়াও হন শামীম। এক ওভারেই আসে ১৭ রান। ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪১/৪।
বাকি মাত্র ৩ ওভার। লক্ষ্য এখন একটাই—প্রথমে ১৬০, তারপর সম্ভব হলে ১৭০ পেরোনো। ধারাভাষ্যকাররাও বলছেন, এই উইকেটে শেষ দিকে রান বাড়ানো সম্ভব। সেই আশা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত কতদূর যাবে তারা, সেটাই দেখার।