নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বন্ধ কার্যালয় কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চেয়ারম্যানের কক্ষে থাকা এসি, এলইডি টিভি, ইন্টেরিয়র ডিজাইনের লাইট, বৈদ্যুতিক ফ্যান পুড়ে যায়।
জানা যায়, ঘটনার সময় প্রতিদিনের মতো অফিসে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছিলেন। এ সময় বিকাল ৩টার দিকে হঠাৎ উপজেলা পরিষদের চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে কার্যালয়ের চত্বরে থাকা লোকজন চিৎকার করতে থাকেন। তাৎক্ষণিক সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সিএ রানা বাগচী, অফিস সহায়ক মো. তহুরুল ইসলাম রনি ও উপজেলা পরিষদ কার্যালয়ে কর্তব্যরত আনসার ভিডিপি সদস্য মো. মুন্না দ্রুত সেখানে থাকা অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সৈয়দপুর ফাইয়ার সার্ভিসের কর্মকর্তা হামিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ হওয়ায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হন। এ কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে আগুন লাগার বিষয়টি রহস্যজনক। ঘটনার মুল কারণ তদন্ত করে দেখা হবে।