ছেলের গায়ে অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন দেখেই বাবার মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। যুবক অপহরণের পর নির্মম নির্যাতনের শিকার হন। এই অবস্থায় তার বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা যান। নিহত সুরুজ মিয়া (৭০) উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সুরুজ মিয়ার ছেলে পাবেল (২৫) গতকাল দুপুরে গৌরীপুর বাজারের ঈদগাঁ মাঠ থেকে কবুতর কেনার সময় কয়েকজনের হাতে অপহৃত হন। অপহরণকারীরা তাকে পশ্চিম বাজারের একটি বাড়িতে নিয়ে যান এবং মুক্তিপণের জন্য পরিবার থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পাবেলকে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরে বাধ্য হয়ে পরিবার বিকাশের মাধ্যমে ওই টাকা পরিশোধ করে। রাত সাড়ে ৮টায় পাবেল মুক্তি পায়।

পাবেলের গায়ে নির্যাতনের চিহ্ন দেখে তার বাবা সুরুজ মিয়া অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবেলের ফুফাতো ভাই কাইয়ুম হাসান জানান, পাবেল কবুতর কেনার জন্য গৌরীপুর বাজারে গিয়েছিলেন। সেখানে দুইজন ব্যক্তি তাকে বলছিলেন, ‘এই তুই টাকা নিয়েছিস, টাকা দাও, এবং তারপর তাকে চড় থাপ্পড় মারতে শুরু করে। এর কিছুক্ষণ পর আরও পাঁচ-ছয় জন এসে পাবেলকে ডেকে নিয়ে চোখ বেঁধে একটি বাসায় আটকে রেখে নির্যাতন চালায়। মুক্তির পর পাবেলের গায়ে নির্যাতনের চিহ্ন দেখে তার বাবা স্ট্রোক করেন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।

পাবেলের ভাই মায়ের সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, তাদের বাবার দাফন হয়েছে মাত্রই। কেউ এখন কথা বলার অবস্থায় নেই, সবাই শোকাহত ও কান্নায় ভেঙে পড়েছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত কেউ বিষয়টি জানায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখে পুলিশ ভিকটিমের বাড়িতে খোঁজখবর নিতে পাঠানো হয়েছে।’