মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতভিটার মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হয়েছে একটি পরিত্যক্ত গ্রেনেড। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ওমর মিয়ার বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। তিনি সবজি চাষের উদ্দেশে সীমের বিচি রোপণের জন্য গর্ত খুঁড়ছিলেন। সেই সময়ই মাটির নিচ থেকে একটি গ্রেনেড উঠে আসে।
স্থানীয়রা জানান, গ্রেনেডটি বহু পুরোনো এবং ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। স্থানীয়দের মতে, সেসময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি ঘিরে ফেলা হয়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।’
গ্রামে আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।