চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনা অনুশীলনের সময় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ আকস্মিক দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুশীলনকালে ট্যাংকের গোলাবর্ষণের মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান। আহত সেনা কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।
দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও তদন্ত সাপেক্ষ কার্যক্রম শুরু করা হয়েছে।