ঢাকা-জয়দেবপুর-রাজশাহী রুট

অনিয়মের মেরামতে রেলক্রসিংয়ে ভোগান্তি 

গাজীপুরের কালিয়াকৈরে অনিয়মের মেরামতের কারণে সৃষ্ট ঢাকা-জয়দেবপুর-রাজশাহী রেললাইনের একটি রেলক্রসিংয়ে সড়কের খানাখন্দে দুর্ঘটনার ঝুঁকিতে চলছে ট্রেনসহ যানবাহন। বিভিন্ন সময় সেই খানাখন্দ ও ছোট-বড় গর্তে যানবাহন আটকে অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেও বিপর্যয় ঘটে ট্রেনের শিডিউল।

আজ সোমবার সকালেও সেখানে ট্রাক আটকে তিন ঘণ্টা বন্ধ হয়ে থাকে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়ে চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।

এলাকাবাসী, রেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ রেললাইনগুলোর মধ্যে অন্যতম ঢাকা-জয়দেবপুর-রাজশাহী রেললাইন। এ পথ ধরেই রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের সহজ যাতায়াতের মাধ্যম হচ্ছে ট্রেন যোগাযোগ। কিন্তু এ রেললাইনের কালিয়াকৈর উপজেলার সোনাখালী একটি রেলক্রসিং রয়েছে। প্রতিদিন কালিয়াকৈর-ধামরাই সড়কের রেলক্রসিং পাড় হয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। অথচ সারা বছরজুড়ে এত ব্যস্ততম সড়কটির ওই রেলক্রসিংয়ে মাত্র ১৫/২০ ফুট পর্যন্ত সড়কে খানাখন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে থাকে।

এলাকাবাসীর অভিযোগ, গাজীপুর সড়ক ও জনপথ এবং রেলওয়ে বিভাগ বিভিন্ন সময় নানা অনিয়মের মাধমে সেখানে দায়সাড়া সড়ক মেরামতের মাধমে সরকারি অর্থ হাতিয়ে নিচ্ছে দুই বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীসহ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এর ফলে মেরামতের কিছু দিন যেতে না যেতেই রেলক্রসিংয়ে সড়কটি পূর্বের বেহাল অবস্থায় ফিরে আসে। এ ক্ষেত্রেও সড়ক বিভাগ ও রেলওয়ে বিভাগ একে অপরের ওপর দোষারূপ করে তাদের দায় এড়িয়ে থাকেন। শুষ্ক মৌসুমের চেয়ে বর্ষা মৌসুমে রেলক্রসিংয়ে সড়কটি বেশি খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়ে থাকে। খানাখন্দে ও গর্তে বিভিন্ন সময় ছোট-বড় যানবাহন আটকে অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেও মাঝে মধ্যে ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। গত কয়েক দিনের টানা বর্ষণে কালিয়াকৈর-ধামরাই সড়কের রেলক্রসিংয়ে ব্যাপক খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে ওই সোনাখালী রেলক্রসিংয়ে সড়কের খানাখন্দ ও গর্তে ধানভর্তি একটি ট্রাক আটকে বিকল হয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি সেখান থেকে সরানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন ট্রাক চালক। এরপর দুর্ঘটনা এড়াতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ সময় ধরে টাঙ্গাইলের মির্জাপুর, কালিয়াকৈর হাইটেক, জয়দেবপুরসহ বিভিন্ন রেল স্টেশনে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী ৬/৭টি ট্রেন আটকা পড়ে। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়ে চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে যৌথ প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টার পর বেলা ১১টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। ফলে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সবশেষে ঢাকা-জয়দেবপুর-রাজশাহী রেললাইনে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান জানান, রেলক্রসিংয়ে মালবাহী একটি ট্রাক আটকে যাওয়ার পর ঢাকা-রাজশাহী রেললাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফেঁসে যাওয়া ট্রাকটি অপসারণ করা হলে রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে যায়। যার ফলে ওপাশ থেকে ট্রেন আসতে পারছিল না। ট্রাকটি সরানোর হলে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে রেলক্রসিংয়ে সড়কের বেহাল অবস্থার বিষয়ে জানতে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের সাব ডিবিশনাল ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

তবে কাজের অনিয়মের কথা অস্বীকার করে রেললাইনের অংশের দায়িত্বরত সিনিয়র সহকারী ইঞ্জিনিয়ার জুয়েল মিয়া জানান, আমরা একবার কাজ করলে তিন বছরের আগে আর সেখানে কাজ করার সুযোগ নেই। আর মাটি খারাপ ও ওভারলোড গাড়ি চলাচলে এখানে সড়কের এ অবস্থার সৃষ্টি হয়। এ ছাড়া এখানকার কাজটি সড়ক বিভাগেরও দায়িত্ব। এ বিষয়ে তারা ভালো বলতে পারবে।