বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলটির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক মহলের অংশগ্রহণে একটি গভীর ষড়যন্ত্র চলছে, যাতে দেশের ভেতর ও বাইরে থেকে রাষ্ট্রীয়ভাবে চক্রান্ত করা হচ্ছে।
তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চিকিৎসকদের এক প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘তারেক রহমান এখন পর্যন্ত কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি। বরং বিএনপির ভেতর থেকেই ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।’
সম্প্রতি রাজধানীর মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গে রিজভী বলেন, ‘দুই-একটি ইসলামিক দল এই ঘটনার সূত্র ধরে জনগণকে বিভ্রান্ত করছে এবং সত্য লুকাতে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, মামলার এজাহারে তাদের নাম নেই। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন প্রকৃত তথ্য সামনে আনে।’
ঘটনার ভিডিও দুই দিন পর ভাইরাল হওয়ার পেছনেও তিনি ষড়যন্ত্রের ইঙ্গিত দেখেন। রিজভী বলেন, ‘এর পেছনে দেশের ভেতর থেকে কোনো গোষ্ঠী এবং আন্তর্জাতিক কোনো শক্তি জড়িত থাকতে পারে।’
তিনি দাবি করেন, বিএনপি একটি বড় রাজনৈতিক পরিবার এবং এই দলের পরিচয় ব্যবহার করে কেউ কেউ অপরাধমূলক কাজের চেষ্টা করছে। তবে এসব ঘটনা জানার সঙ্গে সঙ্গেই তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান রিজভী।
বসতভিটার মাটি খুঁড়তে গিয়ে মিলল পরিত্যক্ত গ্রেনেড!
গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবরটি সঠিক নয়