চৌদ্দগ্রামে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেছে রিফাত (১৭) নামের এক কিশোর। টানা দুই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের পাশের ডাকাতিয়া নদীতে। নিহত রিফাত একই গ্রামের পশ্চিম পাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে এবং পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দুপুরে রিফাত তার বন্ধুদের সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সকল বন্ধু মিলে নদীর পাড়ের গাছে উঠে পানিতে ঝাঁপ দেয়। এ সময় চার বন্ধু পানির উপরে ভেসে উঠলেও সে নদীর পানিতে তলিয়ে যায়।

এদিকে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের গগণবিদারী চিৎকারে আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছে। সমগ্র এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।