অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন দেখে বাবার মৃত্যু

অপহরণের শিকার ছেলের গায়ে নির্যাতনের চিহ্ন দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৯টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া (৭০) উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সুরুজ মিয়ার ছেলে পাবেল (২৫) রবিবার দুপুরে গৌরীপুর বাজারের ঈদগাহ মাঠে কবুতর কিনতে যান। সেখান থেকে কয়েকজন তাকে অপহরণ করে পশ্চিম বাজার এলাকার একটি বাসায় নিয়ে যায়। এরপর মুক্তিপণ বাবদ তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে পাবেলের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। পরে বাধ্য হয়ে অপহরণকারীদের দাবিকৃত টাকা বিকাশে পরিশোধ করার পর রাত সাড়ে ৮টায় পাবেলকে ছেড়ে দেওয়া হয়।

পাবেল ছাড়া পাওয়ার পর তার গায়ে অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন দেখেই  অচেতন হয়ে পড়েন বাবা সুরুজ মিয়া। তাৎক্ষণিক তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাবেলের ফুপাতো ভাই কাইয়ুম হাসান মুঠোফোনে বলেন, পাবেল কবুতর কিনতে গৌরীপুর বাজারে যান।  সেখান থেকে কয়েকজন তাকে অপহরণ করে একটি বাসায় নিয়ে আটকে রেখে নির্যাতন চালায়। পাবেল মুক্তি পাওয়ার পর তার গায়ে নির্যাতনের চিহ্ন দেখে আমার মামা অর্থাৎ পাবেলের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশ ও যৌথ বাহিনী কাজ শুরু করেছে।