ত্রিশের নিচে অল-আউট হওয়া লজ্জাজনক: ক্যারিবিয়ান অধিনায়ক

লাল বলের ক্রিকেটে মাত্র ২৭ রানে অল-আউট হওয়ার লজ্জায় ডুবেছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য এর চেয়েও কম ২৬ রানে অল-আউট হওয়ার ইতিহাস আছে নিউজিল্যান্ডের। তবে অস্ট্রেলিয়ার কাছে এমন অসহায় আত্মসমর্পণ মানতেই পারছেন না ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেজ। তিনি এটাকে হৃদয়বিদারক এবং লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।

কিংসটনে বাংলাদেশ সময় গতকাল রাতে জয়ের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট ছিল ২০৪ রানের। এই টার্গেট তাড়া করতে গিয়েই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং। মিচেল স্টার্কের গতির তোড়ে উড়ে যায় ক্যারিবিয়ানরা। দলের ৭ জন আউট হয়েছেন শূন্য রানে, যা রীতিমতো লজ্জার রেকর্ড। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে ক্যারিবিয়ানদের অল-আউট করতে অজিদের লেগেছে মাত্র ১৪.৩ ওভার।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে রোস্টন চেজ বলেন, ‘এটা খুব হতাশাজনক। আমরা বারবার এমন অবস্থায় যাচ্ছি, যেখানে ম্যাচ জেতার সুযোগ থাকে। কিন্তু ব্যাটিংয়ে শেষ ইনিংসে যেন হাল ছেড়ে দিচ্ছি, লড়াই করতে পারছি না। এটা খুবই হৃদয়বিদারক। কারণ, আমার মনে হয় আমরা তিনটি টেস্টেই একই কাজ করেছি। এবং আমাদের ভুলগুলো থেকে আমরা কিছুই শিখছি না। এদিকে আমাদের নজর দিতে হবে।’

চেজ এমন অসহায় আত্মসমর্পণের পেছনে উইকেটের ভূমিকাও দেখছেন, তবে কোনোভাবেই বিষয়টা হজম করতে পারছেন না। তার ভাষায়, ‘৩০ রানের নিচে অলআউট হওয়া অবশ্যই খুব লজ্জাজনক। তবে আমি মনে করি উইকেট খুব কঠিন ছিল। আমি বলব না যে পুরোপুরি বোলারদের পক্ষে ছিল, কিন্তু ব্যাটিং করা সত্যিই কঠিন ছিল। এটা সম্ভবত আমার খেলা প্রথম সিরিজ, যেখানে দুই দলের কেউই সেঞ্চুরি করতে পারেনি।’