আবারও টেস্ট অধিনায়ক হওয়ার জোর দাবি জানালেন তাইজুল

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম

ক্রিকেটের কোনো পর্যায়েই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই তাইজুল ইসলামের। সম্প্রতি নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ায় জায়গাটি শূন্য আছে। এর আগেও অধিনায়ক হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন তাইজুল। আবারও তার মুখে শোনা গেল একই কথা। যদি সুযোগ আসে, তিনি অধিনায়ক হতে প্রস্তুত।

অনেকটা মন খারাপ করেই টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন শান্ত। শ্রীলঙ্কা সফরের আগমুহূর্তে হুট করেই তার ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে অভিজ্ঞ এই স্পিনার বলেছেন, ‘আমি মনে করি, অধিনায়ককে সময় দেওয়া উচিত। আমরা যদি অধিনায়কের ওপর বিশ্বাস রাখি, তাহলে দল ভালো খেলবে। (যদি নেতৃত্ব দেওয়া হয়) আমি এটা করতে পারব না তা তো নয়; কারণ আমার অভিজ্ঞতা আছে এবং এমন কিছু নেই যে আমি করতে পারব না।’

তাইজুল আরও বলেন, ‘এর মানে এই নয় যে আমি এর জন্য (অধিনায়কত্ব) লোভী। এটা লাভজনক কোনো বিষয় নয়। অধিনায়কের একটা চিন্তা থাকা উ্চিত যে, দুই বছর পর সে তার দলকে কোথায় দেখতে চায়। যাকে অধিনায়কত্ব দেওয়া হবে তার মাঝে সেই চিন্তাটা আছে কিনা সেটা টিম ম্যানেজম্যান্ট এবং দলের কর্তাদের মাথায় রাখা উচিত।’ সুযোগ পেলে অধিনায়কত্ব করবেন কিনা- এমন প্রশ্নে তাইজুলের জবাব, ‘যদি সুযোগ আসে, কেন নয়?’

তাইজুল টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ। ২০২১ সালের শ্রীলঙ্কা সফরের পর থেকে তার ইকনোমি রেটের লক্ষ্যণীয় উন্নতি হয়েছে। তার বাঁহাতি স্পিনের বৈচিত্র আরও কার্যকর হয়ে উঠেছে বলে মনে করেন অনেকে। নিজের উন্নতি নিয়ে তাইজুল বলেন, ‘কিছু বিষয় জড়িত। যেমন- বয়স একটা বিষয়। একটা বয়সে আপনি যখন অভিজ্ঞ হয়ে উঠবেন, তখন যেখানে খুশি বল পিচ করাতে পারবেন। একজন নতুন খেলোয়াড় সেটা হয়তো পারবে না। তাই খেলোয়াড়দের অবশ্য্ই সময় দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত