উচ্চতর গ্রেড পাবেন ১৫ লাখ সরকারি চাকরিজীবী

আপিল বিভাগ ১৫ লাখ সরকারি চাকরিজীবীকে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) এই রায় প্রকাশ করা হয়।

এর আগে, গত ৩০ এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ রায় দিয়েছিল যে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন। এ রায়ের ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী এই সুবিধা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, একই পদে কর্মরত কোনো কর্মচারী যদি দুই বা ততোধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পান, তবে নতুন পে স্কেলে তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে যারা একটি মাত্র টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা নতুন স্কেলে একটি উচ্চতর গ্রেড পাবেন। এই পরিপত্র জারির পর সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একাধিক রিট আবেদন করা হয়।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে নিম্নস্তরের কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে নতুন পে স্কেলে স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড প্রথা চালু করে সরকার। নতুন স্কেল অনুসারে, কোনো কর্মচারী একই পদে ১০ বছর চাকরি করলে এবং পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন। তবে মূল পে স্কেলের নিয়ম বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় স্পষ্টীকরণ দিয়ে পরিপত্র জারি করে। মূল পে স্কেল কার্যকর হওয়ার তিন মাস পর গত সেপ্টেম্বরে এই পরিপত্র জারি করা হয়েছিল।