নারী ক্রিকেট বিশ্বকাপ: জ্যোতিদের দুটি প্রস্তুতি ম্যাচই শ্রীলঙ্কার সঙ্গে 

নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩০ সেপ্টেম্বর-২ নভেম্বর পর্যন্ত চলা টুর্নামেন্টের জন্য দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর।

মোট নয়টি ডে-নাইট ম্যাচ আয়োজন করা হবে ভারতের বেঙ্গালুরু এবং শ্রীলঙ্কার কলম্বোর চারটি ভেন্যুতে। এগুলো হলো: বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স ১ গ্রাউন্ড এবং কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বো ক্রিকেট ক্লাব।

বাংলাদেশ দলের দুটি প্রস্তুতি ম্যাচই টুর্নামেন্টের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে খেলবে জ্যোতিরা। ২৭ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে। 

৩ অক্টোবর প্রেমাদাসা স্টেডিয়ামেই পাকিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ৮ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ড, ১১ অক্টোবর বিশাখাপত্তনমে নিউজিল্যান্ড, একই ভেন্যুতে ১৪ তারিখ দক্ষিণ আফ্রিকা, ১৭ তারিখ অস্ট্রেলিয়া, কলম্বোতে ২১ তারিখ শ্রীলঙ্কা এবং ২৮ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে জ্যোতিরা।